টানা দ্বিতীয়বার জাতীয় এআই অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হোমনার লাবিব

মোঃ আবুল কালাম আজাদ:

রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘৩য় বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড-২০২৬’-এর জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে কুমিল্লার হোমনার মেধাবী শিক্ষার্থী লাবিব শাহরিয়ার।

সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত ১৫ জন বিজয়ীর মধ্যে লাবিব “চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন” হওয়ার কৃতিত্ব অর্জন করে। তিনি অতিথিদের কাছ থেকে ট্রফি, ল্যাপটপ, মেডেল ও সনদ গ্রহণ করেন।
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়-এর সিনিয়র শিক্ষক শাহনাজ বেগমে ও ইঞ্জিনিয়ার রিয়াজুল হকের একমাত্র সন্তান
লাবিব শাহরিয়ার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় এআই কুইজ, এআই কোডিং কনটেস্টসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমানের কাছ থেকে লাবিব পুরস্কার ও সনদ গ্রহণ করেন।

উল্লেখ্য, লাবিব ২০২৫ সালেও একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। টানা দুই বছর জাতীয় পর্যায়ে এ সাফল্যে হোমনায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।