হোমনায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হোমনা বিএডিসি বীজ আলু হিমাগারস্থ উপ-পরিচালক (টিসি) এর দপ্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির টেকসই ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।
তারা আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা পুষ্টিমানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন।
দিনব্যাপী এ কংগ্রেসে স্থানীয় ৬০ জন কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।