ভোলায় মাদ্রাসা শিক্ষকের জানাজায় লাখো মানুষের ঢল, তিন দফা কর্মসূচি ঘোষণা।

ভোলা প্রতিনিধি :
ভোলায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আমিরুল ইসলামের নামাজে জানাজায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে।

আজ (রবিবার) দুপুর ২টা ২০ মিনিটে ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা।

জানাজায় অংশ নেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা আমীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনরা।

নামাজে জানাজা থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়—
১। আগামীকাল (৮ সেপ্টেম্বর, সোমবার) ভোলার সব স্কুল-কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে।
২। সকাল ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ, শোক র‌্যালি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
৩। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না দেখা গেলে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই কর্মসূচির প্রতি সমর্থন জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা শাখাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িতে করে মরদেহ নিয়ে যাওয়া হয় পারিবারিক কবরস্থানে, যেখানে তাকে তার পিতা এনামুল হকের কবরের পাশেই দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত মাওলানা আমিরুল ইসলাম ভোলা দারুণ হাদিস কামিল মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস, উপজেলা মসজিদের পেশ ইমাম এবং নিজ বাড়ির একটি মাদ্রাসার পরিচালক ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।