১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ১৮তম ব্যাচে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) থেকে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার প্রার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচি থেকে দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন নিয়োগপ্রত্যাশীরা।
আন্দোলনরত প্রার্থীদের অভিযোগ, সরকারি সকল শর্ত পূরণ করে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও তারা ৭ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও নিয়োগ না পাওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানান তারা।
প্রার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—১৮তম নিবন্ধনে উত্তীর্ণ সকল প্রার্থীকে দ্রুত শূন্য পদে সরাসরি সুপারিশ প্রদান অথবা ৭ম গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ (Cycle-2) কিংবা ৯ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত নিয়োগের আওতায় আনা। পাশাপাশি নতুন নীতিমালা বাস্তবায়নের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ অথচ নিয়োগবঞ্চিত প্রার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শূন্য পদে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের এই অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে চলবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো প্রার্থী এতে অংশ নিচ্ছেন এবং আরও অনেকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজক কমিটির প্রতিনিধিরা বলেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। দ্রুত নিয়োগ এখন তাদের জন্য জীবন-জীবিকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।