হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার হোমনায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল তিনটায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরীক্ষা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং বর্তমান পরীক্ষা নীতিমালা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন হোমনা দাখিল মাদ্রাসার সুপার ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা আবদুস সাত্তার, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এবং দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি ও নীতিমালা বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভা শেষে আসন্ন পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।