হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) কে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় আশিকুর রহমান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
পরে তারা জোরপূর্বক অটোরিকশাসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আলাদা করে রেখে আশিকুর রহমান ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে ভুক্তভোগী দম্পতি রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।