হোমনায় সুষ্ঠু পরিবেশে ৩ কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে ৩টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৬৭ জন। এর মধ্যে ৫১২ জন বালক ও ৭৫৫ জন বালিকা।
প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৮০৯ জন শিক্ষার্থী, আর অনুপস্থিত ছিল ৪৫৮ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে।
পরীক্ষা সংশ্লিষ্টরা জানান, প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং পুরো আয়োজন জুড়ে ছিল ইতিবাচক ও আনন্দঘন পরিবেশ।
নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী বিষয়গুলোর পরীক্ষাও একইভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।