হোমনায় ১০ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দীপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকার কবরস্থান সংলগ্ন ছিনাইয়া-মেঘনাগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি – নিহার দাস (৩১), পিতা-মৃত মনোরঞ্জন দাস, মাতা-সন্ধ্যা রানী দাস, গ্রাম-পূর্ব স্বজনগ্রাম, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জকে ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই সজীব দত্ত ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় ওত পেতে থাকেন। সকাল ৭টার দিকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামার সংকেত দেয় পুলিশ।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ এবং ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

হোমনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত ছিল। সে পুলিশের চোখ ফাঁকি দিতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার করে আসছিল। মাদক দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।#