শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৬ দিন ক্লাস, শনিবার ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক;
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার শুধুমাত্র অনলাইন নয়, অনলাইন ও সশরীরের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্লেন্ডেড পদ্ধতি চালু করা হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে প্রথম ধাপে এ কার্যক্রম শুরু হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে শনিবার, সোমবার ও বুধবার।
অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে।
এ পদ্ধতি চালুর সঙ্গে সঙ্গে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে অনলাইন ও অফলাইন—উভয় ধরনের ক্লাস পরিচালনা করবেন।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রযুক্তিগতভাবে প্রস্তুত, সেসব প্রতিষ্ঠানেই ধাপে ধাপে এই পদ্ধতি চালু করা হবে।
এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।