ঝগড়ার চরে তিতাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বিচ্ছিন্ন জনপদ ঝগড়ারচর গ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি—তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ। এ জনদাবি বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

সংসদ সদস্যের স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামটি ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। নদীপথ ছাড়া এই গ্রামে যাতায়াতের কোনো সহজ বিকল্প নেই। বর্তমানে গ্রামবাসীদের উপজেলা সদরে যেতে হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ওপর দিয়ে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল।

বিশেষ করে দরিদ্র মানুষ ও অসুস্থ রোগীদের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এমপি সেলিম ভূঁইয়া তার ডিও লেটারে আরও বলেন, উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট থেকে ঝগড়ারচর পর্যন্ত তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এতে শুধু যাতায়াত ব্যবস্থাই সহজ হবে না, বরং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

সেতুটি নির্মিত হলে ঝগড়ারচরসহ পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। ফলে আশপাশের কয়েক হাজার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।