নকলের বিরুদ্ধে জিরো টলারেন্সে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

মোঃ আবুল কালাম আজাদ:

পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় নকলের কোনো স্থান নেই এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়েছিল এবং সে সময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই অভিজ্ঞতার আলোকে এবারও নকল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান নিশ্চিত করা গেলে নকলের প্রবণতা অনেকটাই কমে আসবে। এ ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আন্তরিকভাবে শিক্ষা প্রদান করা একটি মহৎ কাজ, যা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। শিক্ষা মন্ত্রণালয়কে একটি পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা।