হোমনায় স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা
মোঃ আবুল কালাম আজাদ:
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার হোমনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে হোমনা উপজেলা প্রশাসন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
ভোর ৫টা ৫২ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, হোমনা সার্কেল, হোমনা থানা, হোমনা পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি হোমনা উপজেলা শাখা,হোমনা সরকারি ডিগ্রি কলেজ এবং হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এছাড়াও সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের মূল আকর্ষণ ছিল হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে,
অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর সরকার, সাংবাদিক মোহাম্মদ মোরশেদুল ইসলাম সাজু, মো. কামাল হোসেন এবং মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে একই মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম স্থানীয় গণ্যমান্য একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়াও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিকেল ৪টায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।