শিক্ষকদের সম্মানে হোমনা ইসলামিয়া মাদ্রাসায় সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মোঃ আবুল কালাম আজাদ:

শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার আবেগে ভরা এক ব্যতিক্রমধর্মী আয়োজনের সাক্ষী হলো কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৮ রমজান (১৮ মার্চ) বুধবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষকদের সম্মানে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়ছোঁয়া ইফতার ও দোয়া মাহফিল।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ামুছার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক সদস্য ভিপি মোঃ অহিদুজ্জামান মোল্লা, শিক্ষকদের পক্ষে সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সুপার মোঃ আলমগীর হোসেন, চান্দেরচর মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা মনির হোসেন, শিক্ষানুরাগী সদস্য মোঃ মোখলেছুর রহমান বাবু, অভিভাবক সদস্য মোঃ বাবুল মিয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, তানিয়া সুলতানা এবং সাবেক শিক্ষক আব্দুল মোতালেব ও মোহাম্মদ মাহবুবুর রহমান মোঃ শাহ আলমসহ অন্যান্য শিক্ষক, সাংবাদিক এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআনের আলোকে রমজানের তাৎপর্য তুলে ধরা হয়।

বক্তারা বলেন, সিয়াম সাধনা মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এ সময় সূরা বাকারা (আয়াত ১৮৩) উল্লেখ করে রোজার গুরুত্ব তুলে ধরা হয়।

সাবেক শিক্ষার্থী ফয়সাল আনসারী, মোঃ আমানুল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইয়ামিন ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের অক্লান্ত প্রচেষ্টায় আয়োজিত এ মাহফিলটি ছিল শিক্ষকদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার এক উজ্জ্বল নিদর্শন।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, শিক্ষকদের সম্মান জানাতে সাবেক শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীর আত্মিক বন্ধনের এক অনন্য প্রকাশ।

শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।