নড়াইলে বোর্ড বৃত্তি পাওয়া দিনমজুরের মেধাবী মেয়ে অর্পিতা—অর্থ না পেলে থেমে যাবে শিক্ষা জীবন!

নড়াইল প্রতিনিধি :

স্বপ্নের আকাশ ছুঁতে চায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাহাবাজপুর গ্রামের মেধাবী ছাত্রী অর্পিতা বিশ্বাস।

ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্য তার।

তবে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দারিদ্র্যের কষাঘাত তার এই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অর্পিতা বিশ্বাস নড়াইলের কাশিপুর এ.সি. মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

শুধু তাই নয়, তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অর্জন করেছে বোর্ড বৃত্তিও। তিন বোনের মধ্যে সবার বড় অর্পিতা। বাবা অসীম কুমার বিশ্বাস দিনমজুর কৃষক হিসেবে প্রতিদিনের অল্প আয়ে কোনো রকমে সংসার চালাচ্ছেন।

সংসারের এই দুঃসহ ব্যয়ভার বহন করে মেয়েকে উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

মেধাবী কন্যার স্বপ্ন পূরণে সহযোগিতার জন্য ইতোমধ্যেই দেশের-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন অর্পিতার বাবা-মা।

অর্পিতা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি বড় হয়ে দেশের জন্য কিছু করতে চাই। বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার স্বপ্ন। কিন্তু দারিদ্র্যের কারণে পড়াশোনার স্বপ্ন ভেঙে যাবে ভেবে ভয় পাচ্ছি। সমাজের সৎ ও হৃদয়বান মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, তবে আমি অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারব।”

যারা সাহায্যের হাত বাড়াতে চান, তারা সরাসরি অর্পিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
📱 বিকাশ ও হোয়াটসঅ্যাপ নাম্বার: 01926-067706
অর্পিতার মতো হাজারো মেধাবী শিক্ষার্থী দারিদ্র্যের কারণে স্বপ্নপূরণের পথে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কেবল একটি পরিবারকে স্বস্তি দেয় না, বরং আমাদের আগামী প্রজন্মকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।