বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষিরাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামির টিনসেড বসতঘরের শয়নকক্ষ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. মুরাদ মিয়া (৩৬)। তিনি নলগড়িয়া গ্রামের মৃত জারু মিয়া ও মৃত রোফিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি ক্ষিরাতলা এলাকার মস্তু মিয়ার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।