ডেঙ্গু প্রতিরোধে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচেতনতামূলক কর্মসূচি

মোঃ আবুল কালাম আজাদ:

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার হোমনায় সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ৫০ শয্যা বিশিষ্ট হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে একটি সচেতনতামূলক র‍্যালি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন।

চিকিৎসকরা জানান, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা।

বিশেষ করে বাসাবাড়ি, আঙিনা বা ছাদের টবে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবার নজর দিতে হবে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহানের সভাপতিত্বে,

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ, মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. রেজাউল ইসলাম, ডা. মামুন অর রশিদ নোমান, ডা. রাহিদুজ্জামান সূর্য ও ডা. মো. আনিছুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।