হোমনায় শিক্ষকদের সঙ্গে এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের শিক্ষকবৃন্দের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো প্রতিষ্ঠানে দলীয় প্রভাব থাকা উচিত নয়। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সরাসরি জানালে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষকদের বিভিন্ন জাতীয় দাবির বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।

সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, রঘুনাথপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমাম হোসেন, সরকারি কলেজের অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদ এবং মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।

সহকারী শিক্ষক তাজরুল ইসলাম ও আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।