হোমনায় প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মতবিনিময়

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের সঙ্গে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসন ও উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “হোমনা-তিতাসের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই হবে আমার অঙ্গীকার। সন্ত্রাস ও চাঁদাবাজ কোনো দলের নয়; তারা চাঁদাবাজ। কর্মকর্তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন—কেউ বাধা দিলে আমাকে জানাবেন।”

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিচিহ্ন হিসেবে একটি গাছের চারা রোপণ করেন।

দুপুরে হোমনা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।