গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আজাদ নিউজ অনলাইন ডেস্ক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর অন্তত ছয়টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা প্রথমে গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়।
সর্বশেষ তথ্যমতে, মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেওয়ার পথে রয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আশপাশে একাধিক ঝুটের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।