খালেদা জিয়ার রাষ্ট্রীয় শেষযাত্রায় নৌবাহিনীর কফিন বাহক হোমনার কৃতি সন্তান কমান্ডার ইউসুফ আলী

মোঃ আবুল কালাম আজাদ:

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কফিন বাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন হোমনার কৃতি সন্তান কমান্ডার মোঃ ইউসুফ আলী, যিনি বর্তমানে নৌবাহিনী সদর দপ্তরে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত।
আজ ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যান প্রাঙ্গণে আয়োজিত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর নির্বাচিত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সম্মান প্রদর্শন দলে অংশ নেন তিনি।

ফ্রিজার ভ্যান থেকে কবরস্থান পর্যন্ত ধীরগতির মার্চে অত্যন্ত শৃঙ্খলা, ধৈর্য ও মর্যাদার সঙ্গে মরহুমার কফিন বহনের মাধ্যমে একজন রাষ্ট্রনায়কের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় প্রোটোকল যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে কমান্ডার ইউসুফ আলী বলেন, “রাষ্ট্রীয় এমন একটি দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

আজকের এই দায়িত্ব আমার সামরিক জীবনের এক স্মরণীয় ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।”

কফিন বহনকারী সম্মান প্রদর্শন দলে মোট ১২ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৬ জন, বাংলাদেশ নৌবাহিনী থেকে ৩ জন এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে ৩ জন কর্মকর্তা ছিলেন।

নৌবাহিনীর অন্য দুই কর্মকর্তা কমান্ডার রাশিদ ও কমান্ডার ফারুক—উভয়ই নৌবাহিনী এই সম্মানজনক দায়িত্বে অংশ নেন।

রাষ্ট্রীয় শোকের এই মুহূর্তে হোমনার কৃতি সন্তান কমান্ডার ইউসুফ আলীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব সর্বমহলে প্রশংসিত হয়েছে।