রিয়াদে পার্কিং বিরোধে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষ, একজন নিহত
এ বি সালাম,সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা এলাকার ইশারা ডাইরেক্টরের পাশে এবিসি কার্গোর সামনে পার্কিং নিয়ে বিরোধের জেরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশে ভৈরবের বাসিন্দা দুইটি গ্রুপের মধ্যে পার্কিংকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরের ওপর দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।