শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিস-এর উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবচর পৌরসভার ব্যস্ততম পৌর বাজার এলাকায় এ গণসংযোগ চলে। বাজারে আসা পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের হাতে হাতে হ্যান্ডবিল তুলে দেওয়া হয়। একই সঙ্গে দলের নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম তালুকদার। জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শিবচরের মানুষ আমাদের অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছে। জনগণের এই সাড়া আমাদেরকে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।
তিনি বলেন, দেশের সার্বিক কল্যাণ, জনগণের স্বার্থ এবং গরিব ও মেহনতি মানুষের অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
জোট প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে যদি মুরুব্বীরা ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আমরা আনন্দের সঙ্গে মেনে নেব। জোট থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করতে বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।
নিজের মনোনয়ন বিষয়ে তিনি বলেন, দল ও জোট যদি আমাকে চূড়ান্তভাবে প্রার্থী করে, তাহলে ইনশাআল্লাহ শিবচরের জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।