এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ১১ পেশায় নিষেধাজ্ঞা জারি
আজাদ নিউজ অনলাইন ডেস্ক:
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি মোট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, গত রোববার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল ও কলেজে একটি নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি পূর্ণকালীন ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিয়োজিত। ফলে তাঁদের পেশাগত দায়িত্ব ও কর্মঘণ্টার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ।
কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাউশি থেকে নির্দিষ্ট ১১টি পেশা উল্লেখ করে একটি লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে। সেই নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ আকারে অবহিত করা হয়েছে।
নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজ্ঞাপনে নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাগুলোর মধ্যে রয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্সের ব্যবসা, হজ এজেন্ট বা এর বিপণন কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালী পেশা, টং দোকান বা অন্যান্য ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিয়োজিত থাকা।
তবে নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষক স্বেচ্ছাশ্রম হিসেবে ধর্মীয় বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন, তবে তা অবশ্যই সীমিত পরিসরে হতে হবে এবং এতে যেন তাঁর মূল পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ পেশায় যুক্ত কোনো এমপিওভুক্ত শিক্ষক শনাক্ত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।