তানোরে ৩০ ফুট গভীর নলকূপে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারে তৎপর ফায়ার সার্ভিস
মোঃ রাজু, উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী)
রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট নিচে পড়ে গেছে দুই বছরের এক শিশু। তাকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এক মাঠে এই দুর্ঘটনা ঘটে।
পড়ে যাওয়া শিশুটির নাম সার্জিদ (২)। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুরে জমির মাটি নিতে যাওয়া একটি ট্রলি মাঠে আটকে গেলে রাকিব ও তার স্ত্রী রুনা খাতুন তাদের শিশুসহ সেখানে যান। পরে সার্জিদ মায়ের কোল থেকে নেমে আশপাশে হাঁটাহাঁটি করছিল।
হঠাৎ করে শিশুটি ওই পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায়। মা-বাবা ডেকে উঠে না পেয়ে দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করেন কিন্তু ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে তোলার চেষ্টা শুরু করেন। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছেন।
শিশুটির মা রুনা খাতুন কান্নাভেজা কণ্ঠে বলেন,
“ট্রলি দেখতে গিয়ে বাচ্চাকে কোল থেকে নামাই। হঠাৎ কোথাও থেকে কান্নার শব্দ শুনতে পাই, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না।”
তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন,
“আমরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি। আল্লাহ চাইলে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।”
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সবাই দোয়া করুন—শিশুটি যেন নিরাপদে তার মায়ের কোলে ফিরতে পারে।”