অধিক রেমিট্যান্সে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই : পররাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধিঃ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীর চাহিদা থাকলেও অনেকেই দক্ষতা না নিয়েই অতিরিক্ত ব্যয়ে বিদেশে যান এবং কম বেতনে কাজে যোগ দেন। অথচ দক্ষ শ্রমিকেরা অদক্ষদের তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি বেতন পান। তাই অধিক রেমিট্যান্স অর্জনে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

আজ শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রংপুর জেলা প্রশাসন।

তৌহিদ হোসেন বলেন, প্রবাসে গমনেচ্ছুদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষাগত দক্ষতা অর্জন খুবই জরুরি। ভাষা আয়ত্ত করা গেলে বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ে। দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্রে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কৃষি খাতের প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষণ সুবিধার অভাব ও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকেরা প্রায়ই ন্যায্য মূল্য পান না। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার ইতিমধ্যে সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যব্যবস্থার সংকট তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসপাতালে চিকিৎসক–নার্সের ঘাটতির কারণে সেবা ব্যাহত হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে সরকার ৩ হাজার ৫০০ নার্স ও ৩ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাত শক্তিশালী করতে নতুন প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এ অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে চীনের সহায়তায় নীলফামারীতে ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের উন্নয়নের মূলভিত্তি। আসন্ন নির্বাচনকে ঘিরে যেন কোনো অস্থিরতা তৈরি না হয়, সে জন্য পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন উপদেষ্টা।

সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।