রংপুরে ভূমিহীনদের পুনর্বাসন ও রেশনের দাবিতে কর্মীসভা..

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা

ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসন, রেশন ব্যবস্থা সম্প্রসারণ ও টিসিবি কার্ড বঞ্চিত নিম্ন আয়ের মানুষের অধিকার নিশ্চিত করার দাবিতে রংপুরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর এর উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা মজির আলি। আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতুসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও ভূমিহীন, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। বক্তাদের অভিযোগ, এক সরকার যায়, আরেক সরকার আসে, প্রতিবারই আশ্বাসের ফুলঝুরি শোনানো হয়, কিন্তু ভূমিহীন জনগোষ্ঠীর জীবনে এর কোনো বাস্তব পরিবর্তন আসে না। ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই ন্যূনতম কিছু উদ্যোগ নেওয়া হয়, স্থায়ী সমাধান নয়।

নেতৃবৃন্দ বলেন, ভূমিহীন ও শ্রমজীবী মানুষের মুক্তির পথ তাদের নিজস্ব সংগঠন ও শ্রেণির রাজনীতিকে শক্তিশালী করার মধ্যেই নিহিত। ধনিক শ্রেণির প্রতিনিধিদের বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসালে ভূমিহীনদের ভাগ্য পরিবর্তন হবে না; নিজেদের শ্রেণির রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনার সক্ষমতা গড়ে তুলতে হবে।

কর্মীসভায় রংপুরের বিভিন্ন এলাকার ভূমিহীন নেতাকর্মীরা অংশ নেন। ঘোষিত কর্মসূচিতে সকল ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের প্রতি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।