আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু
মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
এক দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানিমুখী এ বন্দর দিয়ে আজ শনিবার (২২ নভেম্বর) প্রায় ৬০ মেট্রিক টন মাছ ভারতে যায়। মাছের মোট মূল্য দেড় লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌনে দুই কোটি।
গত বৃহস্পতিবার অনলাইন সনদ জটিলতায় মাছের পাশাপাশি শুঁটকি রপ্তানি বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তবে শনিবার থেকে মাছ ও শুঁটকি রপ্তানির জন্য সেদিন থেকেই চেষ্টা চালানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাবসায়িক সুবিধা বাড়ানো ও পেপারলেস কাস্টমসের আওতায় গত বুধবার (১৯ নভেম্বর) থেকে অনলাইনে সনদ নেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য একটি বিশেষ কোড ব্যবহার করতে হবে। কিন্তু এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ ও মাছ রপ্তানিকারকরা অবগত না থাকায় সমস্যা দেখা দেয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারক মিয়া বলেন, মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সনদ উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়। গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এই সনদ মেন্যুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এর ফলে মাছ রপ্তানির বিষয়ে তথ্যের বিশ্বব্যাপী একটা আন্তঃসংযোগ ঘটবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায় এনবিআর।