অসহায় নাসিরকে দোকান উপহার দিলেন হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ
মাজারুল ইসলাম,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় সাবেক ফুটবলার নাসিরকে দোকান উপহার দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার জামে মসজিদ এলাকায় সংগঠনটির নেতারা তার কাছে দোকান হস্তান্তর করেন।
নাসির ১৯৯৬ সালে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেলেও ব্যক্তিগত কারণে খেলতে পারেননি। পরে ২০০২ সালে সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন হলে তিনি দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার হিসেবে খেলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক ও সামাজিকভাবে অসহায় হয়ে পড়া নাসিরের পাশে দাঁড়ায়নি কেউ।
দোকান বুঝে পেয়ে আবেগাপ্লুত নাসির বলেন, আমার পাশে আগে কখনো কেউ দাঁড়ায়নি। আজ মানব কল্যাণ পরিষদ আমাকে দোকান করে দিল। আমি খুব খুশি এবং তাদের জন্য দোয়া করি।
দোকান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান রোকন, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক, কার্যকরী সদস্য নুর আমিন রহমান, শাকিল, জবিউল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, আমাদের সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের কল্যাণে আমরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখব।