পলাশে শিক্ষার মানোন্নয়নে করনীয় শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার
মোঃমামুন মোড়ল:( নরসিংদী)

এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনে শুকরিয়া জ্ঞাপন, স্কুল শাখার শুভ উদ্বোধন এবং পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার শনিবার সকালে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। “জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ”—এই শ্লোগানে আয়োজিত সেমিনারটি ছিল প্রাণবন্ত, বস্তুনিষ্ঠ ও শিক্ষাবান্ধব আলোচনায় সমৃদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে হয় না; প্রয়োজন সুশিক্ষিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই ত্রিমুখী সহযোগিতা।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। তিনি শিক্ষার সামগ্রিক উন্নয়নে পাঠদান পদ্ধতি আধুনিকায়ন, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীর মানসিক বিকাশে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার গতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি বিদ্যালয়ে উদ্ভাবনী চর্চা এবং পরীক্ষাভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।”

এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি ও চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান, পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মনিটরিং জোরদারের মাধ্যমেই পলাশকে শিক্ষার আদর্শ মডেলে পরিণত করা সম্ভব।

আয়োজক প্রতিষ্ঠান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দেয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান।