রাজশাহীতে হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারি সাবিনা গ্রেফতার

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

রাজশাহীতে হেরোইনসহ মোসাঃ সাবিনা খাতুন (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতার সাবিনা খাতুন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে রাজশাহী নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম অ্যান্ড অপস) মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তেরখাদিয়া পশ্চিমপাড়ায় মাদক বিক্রির সময় এসআই মোঃ ইব্রাহিম খলিল ও তার সঙ্গীয় ফোর্স সাবিনাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা, ১২ গ্রাম হেরোইন এবং একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে সাবিনা খাতুন স্বীকার করেন যে তিনি বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে হেরোইন রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতার সাবিনাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।