রাজশাহীতে র‍্যাবের সফল অভিযান: নওহাটা বাজার থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে পাঁচটার দিকে নওহাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহনপুর থানার বাসিন্দা মো. আজমলকে আটক করা হয়।

তল্লাশির সময় আজমলের শপিং ব্যাগ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আজমল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক বিক্রির সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করত।

র‍্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, “মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

গ্রেপ্তারকৃত আজমলের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাবের দাবি, সে স্থানীয়ভাবে পরিচিত একটি সক্রিয় মাদকচক্রের অন্যতম সদস্য।