রাজশাহীতে পুকুর থেকে লিটন আলীর লাশ উদ্ধার, রহস্য ঘিরে উদ্বেগ স্থানীয়দের

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে লিটন আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে তারা পুকুরে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন, এটি একজন মানুষের লাশ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও একটি লুঙ্গি। পুকুরপাড়ে পড়ে ছিল একটি লাল গামছা, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এলাকাবাসীর অনেকেই বলছেন, এটি দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড হতে পারে।

তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।

রাজশাহীর শান্ত নারিকেল বাড়িয়া এলাকায় আকস্মিক এই লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনো ভয় ও কৌতূহল বিরাজ করছে। নিহত লিটন আলীর মৃত্যুর কারণ ঘিরে চলছে নানা আলোচনা।