রাজশাহীতে উদীচীর ৫৭ বছর পূর্তি উদযাপন: আলোচনায় মুক্তচিন্তা, সংস্কৃতিতে মানবতার আহ্বান

অপু দাস। স্টাফ রিপোর্টার | রাজশাহী

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রাজশাহীতে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। সভাপতিত্ব করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন এবং উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি অজিত কুমার মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচীর সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়—এটি বাংলাদেশের মুক্তচিন্তা, মানবিকতা ও গণতন্ত্রের প্রতীক। শিল্প-সংস্কৃতি সমাজে ন্যায়, সত্য ও সৌন্দর্যের চর্চাকে জাগ্রত করে। আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লাহ ও প্রফুল্ল প্রামানিক। এরপর খালেদা কেয়ারের নির্দেশনায় উদীচীর শিশু শিল্পীরা মঞ্চস্থ করেন কবি সুকান্ত ভট্টাচার্যের নাটক “রাখাল ছেলে”। অনুষ্ঠানের শেষ পর্বে উদীচীর কণ্ঠশিল্পীদের পরিবেশনায় গণসংগীত দর্শকদের মন ছুঁয়ে যায়। আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র, গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য এবং চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। উদীচীর ৫৭ বছরের এই সাংস্কৃতিক যাত্রা মানবিক চেতনা, মুক্তবুদ্ধির চর্চা এবং সমাজে নান্দনিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে আরও একবার নবায়ন করল রাজশাহীর এই উৎসবমুখর আয়োজনে।