ছদ্মবেশে লুকিয়ে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত ইসমাইল অবশেষে র্যাবের জালে
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
দীর্ঘ পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন ইসমাইল হোসেন। অবশেষে রাজধানীর সাভার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানে ধরা পড়লেন এই সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) ও র্যাব-৪ (সিপিসি-২, ঢাকা) এর যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন নামা বাজার (বাটার গলি) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৩৪) রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় আদালত ইসমাইলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের এক কর্মকর্তা বলেন, “আইন থেকে পালিয়ে থাকা যত সময়ই লাগুক না কেন, অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। মাদকবিরোধী অভিযানে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
এই অভিযানে আবারও স্পষ্ট হলো—দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের গোয়েন্দা দক্ষতা ও নিয়মিত অভিযানের ফলে অপরাধীরা ক্রমেই কোণঠাসা হচ্ছে।