অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রিয়াজুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সিডনির লাকেম্বাস্থ রেস্টুরেন্ট ‘নবান্ন’-এ যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক এবং এসএম নিগার এলাহী চৌধুরী।
আলোচনা সভা পরিচালনা করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু।
অনুষ্ঠানে বিএনপি অস্ট্রেলিয়া ও যুবদল অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, এডভোকেট মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, ইঞ্জিনিয়ার রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নিলিয়াস পালমা প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে বলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
প্রধান অতিথি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যুব সমাজই দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রধান চালিকাশক্তি। তাই তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।