তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জনতা ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহ!

মোঃ আবুল কালাম আজাদ:

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে “গ্রাহকসেবা পক্ষ, স্কুল ব্যাংকিং” কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রম পরিচালনা করেছে জনতা ব্যাংক পিএলসি. বাতাকান্দি বাজার শাখা, কুমিল্লা।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলীর উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ওসমান গনি, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান, ব্যাংক কর্মকর্তা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজামানসহ শিক্ষকবৃন্দ ও অসংখ্য শিক্ষার্থী।

কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য ব্যাংক হিসাব খোলার বিভিন্ন সহজ ও আকর্ষণীয় সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল মাত্র ১০০ টাকায় হিসাব খোলার সুযোগ, কোনো সার্ভিস চার্জ ছাড়াই হিসাব পরিচালনা, সঞ্চয়ের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা গড়ে তোলার পরামর্শ, এবং ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব।

ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রতি উৎসাহ দিতে উপহার সামগ্রীও প্রদান করা হয়।

ব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী তাঁর বক্তব্যে বলেন, “জনতা ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়— এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনগণের অংশীদার। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় সংস্কৃতি গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল।”
তিনি আরও বলেন, স্কুল ব্যাংকিং শুধু অর্থ জমা রাখার বিষয় নয়, বরং এটি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে।

তবে, ব্যাংক কর্মকর্তারা স্বীকার করেন যে গ্রামীণ পর্যায়ে এখনো অনেক শিক্ষার্থী ও অভিভাবক ব্যাংকিং ব্যবস্থার বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখেন না— যা সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে কাটিয়ে উঠা সম্ভব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা জনতা ব্যাংকের এমন উদ্যোগকে শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলার একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন।

শেষে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে ব্যবস্থাপক সবাইকে সঞ্চয় ও ব্যাংকিং অভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

জনতা ব্যাংক পিএলসি — উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার।