শনিবারও ক্লাস! শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা!

আজাদ নিউজ ২৪ অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের কারণে আট দিন ক্লাস বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি পুষিয়ে দিতে এবার শনিবারের ছুটিতেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মিনারে চলমান আন্দোলনের কারণে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে টানা আট দিন শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষার্থীদের ক্ষতি পূরণ ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শনিবারও সারা দেশের এসব প্রতিষ্ঠানে ক্লাস পরিচালিত হচ্ছে।

জানা যায়, গত ২১ অক্টোবর জোট থেকে শনিবার ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আজিজী।

জানা গেছে অল্প কিছু প্রতিষ্ঠান শনিবার ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।