রাজশাহীর পদ্মায় ফের দেখা মিললো বিলুপ্ত ঘোষিত মিঠাপানির কুমির

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী‎

রাজশাহীর পদ্মা নদীতে একাধিক কুমিরের দেখা মিলেছে। এর মধ্যে একটি প্রাপ্তবয়স্ক কুমিরের ছবি তুলেছেন স্থানীয় আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। ছোট কুমিরও দেখেছেন স্থানীয় জেলেরা। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মায় কুমিরের উপস্থিতির কারণে স্থানীয়দের নদীতে গোসল না করতে মাইকিং ও লিফলেটের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেলে পদ্মার ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কায়েস দম্পতি কুমিরটির দেখা পান। তারা ড্রোনে ধারণ করা ভিডিও ও ছবিতে দেখেন, কুমিরটি পানির ধারে রোদ পোহাচ্ছে। স্থানীয় রাজু আহাম্মেদ প্রথম প্রাণীটি দেখেছিলেন গরু চরানোর সময়।

আইইউসিএন (IUCN) জানিয়েছে, ছবিতে দেখা প্রাণীটি মিঠাপানির কুমির (Freshwater Crocodile), যা বাংলাদেশে ২০১৫ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সংস্থার মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম বলেন, “২০১৫ সালে বিলুপ্ত ঘোষণা করার পর পাবনা ও আরও কয়েকটি স্থানে কুমির পাওয়া গিয়েছিল, যেগুলো এখন সুন্দরবনের করমজল প্রজননকেন্দ্রে সংরক্ষিত। রাজশাহীর কুমিরটি সম্ভবত ভারতের চাম্বুল নদ এলাকা থেকে এসেছে।”

রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, স্থানীয় জেলেরা ছোট কুমিরও দেখেছেন। এতে ধারণা করা হচ্ছে, পদ্মা নদীতে একাধিক কুমির থাকতে পারে। তিনি বলেন, “এগুলো জলজ প্রাণী, জলেই থাকুক—তাদের বিরক্ত করা যাবে না।”

অন্যদিকে স্থানীয় কয়েকজন প্রশাসনের কাছে কুমিরটি ধরে নেওয়ার অনুরোধ করেছেন। তবে আলোকচিত্রী ইমরুল কায়েস চান, কুমিরটি যেন নদীতেই মুক্তভাবে থাকে। তাঁর মতে, “এভাবে থাকলে কুমিরের প্রজননও সম্ভব হতে পারে।”

বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগ লিফলেটের মাধ্যমে জানিয়েছে—

> “কুমির হিংস্র হলেও তারা জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কুমির দেখলে বিরক্ত না করা, নদীতে গোসল না করা, শিশুদের নদীর ধারে না পাঠানো, ছোট নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা এবং রোদ পোহানো কুমিরের দিকে ঢিল না ছোড়ার অনুরোধ জানানো হয়েছে।”

এছাড়া বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কুমিরকে বিরক্ত করা, ধরা, হত্যা করা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

রাজশাহীর পদ্মা নদীতে বিলুপ্ত ঘোষিত মিঠাপানির কুমিরের পুনরায় দেখা পাওয়া স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি প্রকৃতি সংরক্ষণে এক নতুন আশার বার্তা দিয়েছে।