শিক্ষা উপদেষ্টাকে দুইদিনের আলটিমেটাম, কাল মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষকদের!

আজাদ নিউজ ২৪ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে শিক্ষা উপদেষ্টাকে দুইদিনের সময়সীমা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। একই সঙ্গে আগামীকাল (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন অধ্যক্ষ আজীজি।

তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত হলো, আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন জারি না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।”

অধ্যক্ষ আজীজি আরও বলেন, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতোমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। যদি এই অনশনের মাধ্যমে কোনো প্রাণহানি ঘটে, তার দায় শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরারকে নিতে হবে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি আবরার আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন না দেন, তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে। আমরা সচিবালয়ের প্রতিটি পয়েন্টে অবস্থান নেব। দেখব, তিনি শিক্ষকদের বুকের ওপর পা দিয়ে কীভাবে অফিসে প্রবেশ করেন!”

এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণে থাকা শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আবরারের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। তাই আপনারা প্রশিক্ষণ বর্জন করে আন্দোলনে যোগ দিন।”

আগামীকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে অধ্যক্ষ আজীজি বলেন, “যারা ঢাকায় আসতে পারবেন না, তারা নিজ নিজ এলাকায় অবস্থান নিন। আর যারা ঢাকায় আছেন, তারা আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবেন।”