হৃদয়বিদারক দৃশ্য জগন্নাথে: ‘আমি জুবায়েদের মাকে কী করে বোঝাবো, তার প্রাণের ছেলে আর নেই’ — জানাজায় ভেঙে পড়লেন বাবা মোবারক হোসেন!
আজাদ নিউজ ২৪ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫
জুবায়েদ হোসেনের জানাজায় হৃদয়বিদারক এক দৃশ্যের জন্ম হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।
জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্রদল নেতা জুবায়েদের বাবা মোবারক হোসেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি জুবায়েদের মাকে কী করে যে বোঝাবো, তার প্রাণের ছেলে আর দুনিয়াতে নেই।
আমার ছেলে বড় হয়েছিল। আমি ঢাকায় ব্যবসার মাল কিনতে আসলে, সে আমার সঙ্গে থাকতো। আমি তার কাঁধে ভর দিয়ে হাঁটতাম।”
সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে শোকের আবহ ছড়িয়ে পড়ে।
বক্তব্য দিতে গিয়ে আবারও ভেঙে পড়েন মোবারক হোসেন।
তিনি বলেন, “আমার ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আশা করেছিলাম, সে পড়াশোনা করে অনেক বড় হবে, চাকরি করবে। কিন্তু আজ আমার ছেলেকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আমার জন্য কত যে বেদনার, আমি কী করে বোঝাবো!”
আবেগভরে তিনি আরও বলেন, “আমার ৫৮ বছরের জীবন-যৌবনের সব অর্জন শেষ। আমার প্রাণের জুবায়েদ আর নেই। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”
জানা যায়, জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানীটোলার ১৫, নুরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের বাসায় এক ছাত্রীকে (বর্ষা) পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।
গতকাল রোববার ওই ছাত্রীর বাসার তিন তলায় সিড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হন জুবায়েদ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।