রামকৃষ্ণপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর ফিল্ড অফিসার মাহমুদা আক্তার (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ‘পদক্ষেপ’ এনজিও অফিসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি রামকৃষ্ণপুর বাজারে ‘পদক্ষেপ’ এনজিওর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুজ্জামান জানান, “বুধবার রাতে কাজ শেষে মাহমুদা আক্তার নিজ কক্ষে চলে যান। সকালে অফিসে না আসায় অন্য সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভবনের মালিককে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখা যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।”
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পিতা আবদুল আজিজ মোল্লা বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।