শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা, অনশনের হুঁশিয়ারি!
আজাদ নিউজ ২৪
১৪ অক্টোবর ২০২৫, ঢাকা
এমপিও ভুক্ত শিক্ষকদের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে হাইকোর্টের সামনে পুলিশি বাধার মুখে পড়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।
এ সময় শিক্ষকরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করছি।
আগামীকাল সকাল ১১টার মধ্যে যদি দাবি না মানা হয়, আমরা শাহবাগে অবস্থান নেবো। এরপরও যদি দাবি না মানা হয়, যমুনায় গিয়ে আমরণ অনশন শুরু করবো।”
তিনি আরও বলেন, “আমাদের আর পিছু হটার সুযোগ নেই। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হয়, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখবো।”
উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী, বিকেল ৪টায় শিক্ষকরা শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু হাইকোর্টের কাছে পৌঁছানোর আগেই পুলিশি ব্যারিকেডে থেমে যায় তাদের পদযাত্রা।