মাথাভাঙ্গায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য”—এই মানবিক অঙ্গীকারকে ধারণ করে কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা জয়দেবপুর সাদ্দাম বাজারে ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
চিকিৎসা সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল্লা ও ডা. রেজাউল করিম।
দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক স্থানীয় রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভি.পি. ইব্রাহিম মোবাইল ফোনে আজাদ নিউজ ২৪ কে বলেন, “মানবতা ও সমাজ উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।”
উল্লেখ্য, ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশন নিয়মিতভাবে অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ আয়োজন উপস্থিত সকলের মধ্যে মানবতার উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয়— “মানুষের সেবাই মানবতার শ্রেষ্ঠ প্রকাশ।”