তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

রিয়াজুল ইসলাম হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,
গত ১৭ বছর আমরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি, মামলার ভারে জর্জরিত হয়েছি। কিন্তু আমরা হাল ছাড়িনি। সেই ত্যাগের বিনিময়ে আজ দেশবাসী পরিবর্তনের আশায় উন্মুখ। এবার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্র বিনির্মিত হবে, যা সমৃদ্ধি ও ন্যায়বিচারের পথে দেশকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন,
৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। দেশের জনগণ এই ঘোষণাকে যেভাবে সমর্থন জানাচ্ছে, তেমনি হাতিয়ার মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই দফাগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ার জনগণ দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমুখ।

পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের শপথ নেন।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা এর লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতি দমন, ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।