২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘোষণা!

আজাদ নিউজ ২৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হবে।

সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে এক ধরনের পরিহাস।

বর্তমান বাজারে এই অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, “আমরা সরকারের প্রতি পূর্ণ সম্মান রেখেই বাস্তবসম্মত দাবি জানাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ–এই চার স্লটে প্রস্তাব করেছে, যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমরা স্পষ্টভাবে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন চাই।”

অধ্যক্ষ আজিজী জানান, আগামী ১২ অক্টোবর ঢাকায় সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যদি সরকার ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তবে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন।

এর আগে, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাতা এবং সর্বজনীন বদলি ব্যবস্থার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় তারা ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং শেষে ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।