রাজশাহীতে “নিরাপদ সড়ক চাই” মানববন্ধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

জীবনের মূল্য গতির চেয়ে বেশি — সচেতনতার আহ্বান সড়ক নিরাপত্তা কর্মীদের

রাজশাহী মহানগরীর ব্যস্ততম সাহেববাজার জিরো পয়েন্টে রোববার দুপুরে “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের রাজশাহী শাখার উদ্যোগে এক সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌহিদ হাসান টিটু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন এবং উপসহকারী প্রকৌশলী ডা. আমানুল্লাহ আহমেদ আবিদ।

বক্তারা বলেন, “একটি সড়ক দুর্ঘটনা পুরো জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। তাই পথচারীদের উচিত মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার না করা, রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করা এবং সর্বদা ট্রাফিক আইন ও রোড সাইন মেনে চলা।”

অতিরিক্ত গতিকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে তারা বলেন, “যত গতি তত ক্ষতি। গতি নিয়ন্ত্রণে রাখলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।” বক্তারা আরও আহ্বান জানান—প্রশিক্ষণবিহীন বা হেলপার দ্বারা গাড়ি চালানো, ঘুম চোখে গাড়ি চালানো কিংবা মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভিং থেকে বিরত থাকার জন্য।

শেষে তারা বলেন, “সর্বদা আইন মেনে চলা, নিরাপদে ঘরে ফেরা এবং সম্মিলিতভাবে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”