রংপুরে দুর্গোৎসবে শৃঙ্খলা রক্ষায় ৪৬ হাজারের বেশি আনসার-ভিডিপি মোতায়ন

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে রংপুর রেঞ্জের ৮ জেলায় ৪৬ হাজার ৬৯৮ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন তারা পূজামণ্ডপে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

রংপুর বিভাগের মোট ৫ হাজার ৩৪৩টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি’র সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে ৬ থেকে ৮ জন আনসার-ভিডিপি দায়িত্ব পালন করছেন, যেখানে পুরুষ ও মহিলা সদস্যদের সমন্বয় নিশ্চিত করা হয়েছে। জরুরি মুহূর্তে ব্যাটালিয়ন আনসার সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিটি জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের সংখ্যা :

* রংপুরে ৯০৭টি মণ্ডপে ৭ হাজার ৬৪৮ জন
* কুড়িগ্রামে ৫২৫টি মণ্ডপে ৪ হাজার ৬৪৪ জন
* লালমনিরহাটে ৪৬৮টি মণ্ডপে ৪ হাজার ২৩৬ জন
* গাইবান্ধায় ৫৭৭টি মণ্ডপে ৪ হাজার ৯৪৮ জন
* নীলফামারীতে ৮৪১টি মণ্ডপে ৭ হাজার ৪২ জন
* দিনাজপুরে ১,২৫৯টি মণ্ডপে ১১ হাজার ৫৬ জন
* ঠাকুরগাঁওয়ে ৪৬৮টি মণ্ডপে ৪ হাজার ৪৩৬ জন
* পঞ্চগড়ে ২৯৮টি মণ্ডপে ২ হাজার ৬৮৮ জন

রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপিদের ব্রিফিংকালে বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সু-শৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। দর্শনার্থীদের চলাচল, গমনাগমন ও পরিদর্শনে তারা সহযোগিতা করবেন। পাশাপাশি কর্মকর্তারা নিয়মিত ডিউটি পরিদর্শন ও তদারকি করবেন বলেও তিনি জানান।