ফরিদপুরে মেয়েকে ধর্ষণ মামলায় বাবার আমৃত্যু কারাদণ্ড

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
ফরিদপুর থেকে

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে ওহাব মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
গতকাল ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মেয়েকে তুলে ধর্ষণ করেন ওহাব মোল্লা। বিষয়টি মাকে জানালে তিনি ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার প্রায় ছয় বছর আগে থেকেই বিভিন্ন সময়ে মেয়েকে ধর্ষণ করতেন তিনি।

বিচার চলাকালে ট্রাইব্যুনাল ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমেও ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।