ছারছীনা দরবারে হোমনা শিক্ষা পরিবারের আধ্যাত্মিক সফর!

মোঃ আবুল কালাম আজাদ:

হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফ মাজারে জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকালে প্রায় ৫০ জন শিক্ষক ও ভক্তবৃন্দের অংশগ্রহণে এ আধ্যাত্মিক সফর সম্পন্ন হয়।

অধ্যক্ষ কে. এম. আতিকুর রহমানের নেতৃত্বে সকাল ৭টায় যাত্রা শুরু হয়।

সফরে অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, মোঃ সামসুল হক সরকার, হোমনা প্রেসক্লাব সভাপতি আব্দুল হক সরকার, হোমনা মডেল প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, হোমনা পৌরসভার সাবেক কমিশনার আব্দুল বাতেনসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী মৌলভী মোঃ মোমেনুল হক।

সফরকারীরা প্রথমে পদ্মা সেতু ও বরিশালের গৌরনদী দর্শন করেন। এরপর দুপুরে পৌঁছান ছারছীনা দরবারে। জোহরের নামাজ শেষে দরবার শরীফ মাজার জিয়ারত, আধ্যাত্মিক পরিবেশ উপভোগ এবং দরবার কর্তৃপক্ষের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, ছারছীনা দরবার শরীফ অবস্থিত নাজিরপুর উপজেলায়, যেখানে সন্ধ্যা নদী ও বলেশ্বর নদীর মিলনস্থল সংলগ্ন এলাকায় এ দরবার গড়ে উঠেছে। নদীমাতৃক সৌন্দর্য সফরকারীদের বিমোহিত করে।

বিকেলে তারা বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স (গুঠিয়া মসজিদ) ঘুরে দেখেন। স্থাপত্যকলার অনন্য নিদর্শন এ মসজিদ ২০০৩ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

পরে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড জামে মসজিদে এশার নামাজ আদায় করে রাত ১০টা ৪৫ মিনিটে মাওয়া ঘাটে পৌঁছে ইলিশ ভোজন করেন সবাই।

রাত ১২টায় হোমনার উদ্দেশে যাত্রা করে রাত ৩.৩০টায় নিরাপদে প্রত্যাবর্তন করেন।

অংশগ্রহণকারীরা জানান, সফরটি ছিল এক আনন্দঘন, আধ্যাত্মিক ও শিক্ষণীয় অভিজ্ঞতা।