হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ খ্রিস্টাব্দের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
ফুটবল (বালক) ফাইনালে মুখোমুখি হয় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়।
এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষকে ৩ -১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন হোমনা উপজেলার শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ।
ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আব্দুল হালিম ও মোঃ শরীফ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, অধ্যক্ষ কে এম আতিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা সাইদুল হক, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ লুৎফর রহমান, এটিএম মফিজুল ইসলাম, শামসুল হক সরকার, আমেনা বেগম, মোঃ জালাল উদ্দিন, মোঃ শাহজালাল, আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শারীরিক শিক্ষার শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ।
খেলা শেষে দায়িত্বপ্রাপ্ত রেফারি এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের উপস্থিতিতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।